বিশ্বকাপের মঞ্চে আবারও ৭-১ গোলের বড় জয় তুলে নিয়েছে জার্মানি। ২০১৪ সালে সেমিফাইনালে ব্রাজিলকে ৭-১ গোলে হারানোর ১২ বছর পর এবার কুরাসাওকে একই ব্যবধানে বিধ্বস্ত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচের ৬ মিনিটে ফেলিক্স এনমেচার গোলে এগিয়ে যায় জার্মানি। তবে ২১ মিনিটে লিভানো কোমেনেনসিয়া গোল করে ম্যাচে সমতা ফেরান এবং বিশ্বকাপে কুরাসাওয়ের ইতিহাসের প্রথম গোলের কৃতিত্বও অর্জন করেন।
এরপর ৩৮ মিনিটে নিকো শ্লটারবেক জার্মানিকে আবার এগিয়ে দেন। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+৫ মিনিট) কাই হাভার্টজ গোল করে ব্যবধান ৩-১ করেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৭ মিনিটে গোল করেন জামাল মুসিয়ালা। ৬৮ মিনিটে নাথানিয়েল ব্রাউন, ৭৮ মিনিটে ডেনিজ উনদাভ এবং ৮৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে হাভার্টজ জার্মানির ৭-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।
এই স্কোরলাইন ফুটবলপ্রেমীদের মনে করিয়ে দিয়েছে ২০১৪ বিশ্বকাপের সেই ঐতিহাসিক সেমিফাইনালকে। ব্রাজিলের বেলো হরিজন্তেতে অনুষ্ঠিত ম্যাচে জার্মানির হয়ে টমাস মুলার (১১ মিনিট), মিরোস্লাভ ক্লোসে (২৩), টনি ক্রুস (২৪ ও ২৬), সামি খেদিরা (২৯) এবং আন্দ্রে শুরলে (৬৯ ও ৭৯) গোল করেছিলেন। ব্রাজিলের একমাত্র গোলটি আসে অস্কারের পা থেকে ৯০ মিনিটে। ফলে ম্যাচটি শেষ হয় ৭-১ ব্যবধানে।
দুই বিশ্বকাপের দুই ভিন্ন প্রতিপক্ষ, কিন্তু স্কোরলাইন একই—৭-১। আর তাতেই নতুন করে আলোচনায় এসেছে জার্মানির সেই ঐতিহাসিক ব্রাজিল-বিধ্বস্ত জয়।