/ রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম হচ্ছেন নতুন নৌবাহিনী প্রধান

রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম হচ্ছেন নতুন নৌবাহিনী প্রধান

রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে বাংলাদেশের ১৮তম নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আগামী ২৩ জুলাই অপরাহ্ন থেকে তিনি ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে দায়িত্ব গ্রহণ করবেন। তাঁর নিয়োগের মেয়াদ হবে তিন বছর।

বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, তিনি আগামী ২২ জুলাই ২০২৯ পর্যন্ত নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। বর্তমান নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হবেন তিনি।

খোন্দকার মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীতে প্রশিক্ষণ শেষে ১৯৮৯ সালের ১ জুলাই এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে মেরিটাইম গভর্ন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া এমফিলসহ প্রতিরক্ষা, কৌশল ও অপারেশনাল স্টাডিজ বিষয়ে দেশ-বিদেশ থেকে একাধিক উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন।

দীর্ঘ প্রায় চার দশকের কর্মজীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড, স্টাফ ও প্রশিক্ষণসংক্রান্ত দায়িত্ব পালন করেছেন। কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার ঢাকা নৌ অঞ্চল, কমান্ডার সাবমেরিন এবং বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্টসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধজাহাজ ও নৌঘাঁটিরও অধিনায়ক ছিলেন তিনি।

এ ছাড়া তিনি লেবানন ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

কর্মজীবনে অবদানের জন্য তিনি নৌবাহিনীর সর্বোচ্চ শান্তিকালীন পদক ‘নৌবাহিনী পদক’ (এনবিপি), ‘নৌ-পারদর্শিতা পদক’ (এনপিপি), জাতীয় শুদ্ধাচার পুরস্কার এবং জাতীয় স্কাউট পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা অর্জন করেছেন। তিনি তিনবার নৌবাহিনী প্রধানের প্রশংসাসূচক ইনসিগনিয়াও লাভ করেন।