যশোর ব্যুরোঃ এসএসসি পরীক্ষার ফলাফলে যশোর শিক্ষা বোর্ডের অধীন ১০ জেলার মধ্যে এবার শীর্ষস্থান দখল করেছে খুলনা। এ জেলায় ৬৯ দশমিক ৫৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে ৬২ দশমিক ৯০ শতাংশ পাসের হার নিয়ে ফলাফলের তলানিতে নেমে গেছে কুষ্টিয়া। সামগ্রিকভাবে এবার যশোর বোর্ডে পাসের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ।
গতকাল সোমবার যশোর শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
ফলাফলে দেখা যায়, গত বছর খুলনা জেলা বোর্ডের মধ্যে দ্বিতীয় অবস্থানে ছিল। ওই বছর খুলনা থেকে ৭৭ দশমিক ৯৪ শতাংশ পরীক্ষার্থী পাস করেছিল। এবার পাসের হার কমলেও এক ধাপ এগিয়ে জেলার অবস্থান হয়েছে প্রথম।
গত বছর ফলাফলে শীর্ষে থাকা যশোর এবার দ্বিতীয় অবস্থানে নেমে গেছে। জেলার পাসের হার ৬৯ শতাংশ। গত বছর এ জেলায় পাসের হার ছিল ৭৯ দশমিক ০৭ শতাংশ।
এবার তৃতীয় অবস্থানে উঠে এসেছে চুয়াডাঙ্গা। গত বছর ষষ্ঠ অবস্থানে থাকা জেলাটির এবার পাসের হার ৬৮ দশমিক ৭০ শতাংশ। গত বছর এ হার ছিল ৭২ দশমিক ১৬ শতাংশ।
বাগেরহাটও এবার ফলাফলে এগিয়েছে। গত বছর সপ্তম অবস্থানে থাকা জেলা এবার চতুর্থ স্থানে উঠে এসেছে। জেলার পাসের হার ৬৬ দশমিক ৩৭ শতাংশ। গত বছর ছিল ৭১ দশমিক ৬০ শতাংশ।
অন্যদিকে গত বছর তৃতীয় অবস্থানে থাকা সাতক্ষীরা এবার নেমে গেছে পঞ্চম স্থানে। জেলার পাসের হার ৬৬ দশমিক ২৯ শতাংশ। গত বছর এ হার ছিল ৭৬ দশমিক ৮০ শতাংশ।
নড়াইলের অবস্থানও এক ধাপ পিছিয়েছে। গত বছর চতুর্থ স্থানে থাকা জেলা এবার ষষ্ঠ। এ জেলার পাসের হার ৬৫ দশমিক ১৬ শতাংশ। গত বছর ছিল ৭৩ দশমিক ৬১ শতাংশ।
মাগুরা এবার সপ্তম অবস্থানে উঠে এসেছে। গত বছর অষ্টম স্থানে থাকা জেলার পাসের হার এবার ৬৪ দশমিক ৮৪ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ৬৫ শতাংশ।
ফলাফলে সবচেয়ে বড় চমক মেহেরপুরের। গত বছর বোর্ডের ১০ জেলার মধ্যে সর্বশেষ অবস্থানে থাকা জেলা এবার এক ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠেছে। মেহেরপুরের পাসের হার ৬৪ দশমিক ২৪ শতাংশ। গত বছর এ হার ছিল ৬২ দশমিক ৭০ শতাংশ।
তবে গত বছরের মতো এবারও নবম অবস্থানে রয়েছে ঝিনাইদহ। জেলার পাসের হার ৬২ দশমিক ৯৬ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৭ দশমিক ৮০ শতাংশ।
সবচেয়ে বেশি অবনতি হয়েছে কুষ্টিয়ার। গত বছর পঞ্চম অবস্থানে থাকা জেলাটি এবার এক ধাক্কায় দশম স্থানে নেমে গেছে। জেলার পাসের হার ৬২ দশমিক ৯০ শতাংশ। গত বছর কুষ্টিয়ার পাসের হার ছিল ৭৩ দশমিক ৪০ শতাংশ।
এবারের ফলাফলে যশোর শিক্ষা বোর্ডে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশেষ করে এক বছরের ব্যবধানে প্রায় সব জেলাতেই পাসের হার কমেছে। ফলে জেলার অবস্থানেও ব্যাপক পরিবর্তন এসেছে। বোর্ডের সামগ্রিক ফলাফলের এই অবনমন নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে দেখা দিয়েছে নানা আলোচনা।