শরণখোলা প্রতিনিধিঃ দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অবসরে গেলেন শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নুরুল আলম ফকির। বিদায়ী অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও ভালোবাসায় রাজকীয় বিদায় দিয়েছেন কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিরা।
গতকাল বুধবার সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে তাঁর অবসরজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
কলেজের একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব ও ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন পঞ্চায়েত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফজলুল হক তালুকদার, ডা. শফিকুল ইসলাম বাবুল, আঞ্জুমান আরা আলো, অ্যাডভোকেট ফারহানা জাহান নিপা, জামায়াতে ইসলামী শরণখোলা উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলাম কবির ও সেক্রেটারি মাওলানা মোস্তফা আমীন। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেন মিলন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অধ্যক্ষ মো. নুরুল আলম ফকির তাঁর দীর্ঘ কর্মজীবনে শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষা কার্যক্রমের উন্নয়ন ও শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর প্রশাসনিক দক্ষতা, দায়িত্বশীলতা ও কর্মনিষ্ঠা শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার কাছে প্রশংসিত হয়েছে।
বক্তারা বিদায়ী অধ্যক্ষের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে অবসর জীবনে তাঁর সুন্দর ও শান্তিময় জীবন প্রত্যাশা করেন।
পরে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের পক্ষ থেকে অধ্যক্ষ মো. নুরুল আলম ফকিরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তাঁকে সম্মাননা স্মারকও প্রদান করা হয়। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।