স্টাফ রিপোর্টার ঃ খুলনায় ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। প্রতিদিনই বাড়ছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে নতুন করে ১১৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৯৫ এবং বেসরকারি হাসপাতালে ১৯ জন চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩০৫ জনে। এ পর্যন্ত মারা গেছেন ১২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের ডেঙ্গু বিভাগের দৈনিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গতকাল শনিবার ১৫ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, বিভাগে এ পর্যন্ত ২ হাজার ৮৩৫ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪২০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য বিভাগের তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিভাগে ডেঙ্গুর প্রকোপের কেন্দ্রবিন্দু এখন খুলনা জেলা। বিশেষ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় শুধু এ হাসপাতালেই ৫৯ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। হাসপাতালটিতে বর্তমানে ১৪৬ জন রোগী চিকিৎসাধীন। এ পর্যন্ত সেখানে ৭৪৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫৯৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মারা গেছেন ৯ জন।
খুলনা জেলায় গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ১২ জন এবং বেসরকারি হাসপাতালে ১৯ জনসহ মোট ৩১ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ জেলায় চলতি বছর এ পর্যন্ত মোট ৯০২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭৫৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং দুজনের মৃত্যু হয়েছে। বর্তমানে ১৪৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ জেলা থেকে এখন পর্যন্ত কোনো রোগীকে অন্যত্র রেফার করা হয়নি।
খুলনা বিভাগের আরেকটি বড় ডেঙ্গুপ্রবণ এলাকা বাগেরহাট। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী ভর্তি না হলেও এ পর্যন্ত মোট ৮৬২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭৬৭ জন সুস্থ হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৬২ জন চিকিৎসাধীন। এ জেলা থেকে ৩২ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে, যা বিভাগে সর্বোচ্চ।
যশোরে গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ১৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ জেলায় এ পর্যন্ত ৩২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩০৩ জন সুস্থ হয়েছেন। বর্তমানে ২৪ জন চিকিৎসাধীন রয়েছেন। এ জেলা থেকে দুজন রোগীকে অন্যত্র রেফার করা হয়েছে। তবে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর কোনো তথ্য নেই।
নড়াইলেও নতুন রোগী ভর্তি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় পাঁচজন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৪৮ জন। তাদের মধ্যে ১৩০ জন সুস্থ হয়েছেন এবং বর্তমানে ১৫ জন চিকিৎসাধীন। তিনজন রোগীকে অন্যত্র রেফার করা হয়েছে। জেলায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
সাতক্ষীরা জেলায় গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে তিনজন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট ১১ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে আটজন সুস্থ হয়েছেন এবং বর্তমানে দুজন চিকিৎসাধীন। একজনকে অন্যত্র রেফার করা হয়েছে। জেলায় ডেঙ্গুতে কোনো মৃত্যু হয়নি। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও দুজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ হাসপাতালে এ পর্যন্ত মোট ৩৮ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩৪ জন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে চারজন চিকিৎসাধীন রয়েছেন। সেখানে কোনো মৃত্যু বা রেফারের তথ্য নেই।
ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী ভর্তি হননি। জেলায় এ পর্যন্ত আক্রান্ত ৪২ জনের মধ্যে ৩৯ জন সুস্থ হয়েছেন। বর্তমানে তিনজন চিকিৎসাধীন। মাগুরায় মোট আক্রান্ত ৮২ জনের মধ্যে ৭৯ জন সুস্থ হয়েছেন এবং তিনজন চিকিৎসাধীন রয়েছেন। এ দুই জেলায় ডেঙ্গুতে কোনো মৃত্যু বা রেফারের তথ্য নেই।
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় একজন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ পর্যন্ত জেলায় ৭৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৬৭ জন সুস্থ হয়েছেন এবং বর্তমানে আটজন হাসপাতালে চিকিৎসাধীন। জেলায় কোনো মৃত্যু বা রেফারের ঘটনা ঘটেনি।
মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি না হলেও এ পর্যন্ত ৬৭ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৬২ জন সুস্থ হয়েছেন। বর্তমানে পাঁচজন চিকিৎসাধীন। চুয়াডাঙ্গায় এ পর্যন্ত একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন এবং তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। এখন পর্যন্ত তিনি সুস্থ হননি এবং এ জেলায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনাও নেই।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, খুলনা বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই মারা গেছেন ৯ জন। খুলনা জেলায় আরও দুজন এবং বাগেরহাটে একজন মারা গেছেন। অন্য জেলাগুলোতে ডেঙ্গুতে মৃত্যুর তথ্য নেই।
এ ছাড়া জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে ৩৮ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে। এর মধ্যে বাগেরহাটের ৩২ জন, নড়াইলের তিনজন, যশোরের দুজন এবং সাতক্ষীরা ও চুয়াডাঙ্গার একজন করে রোগী রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ১১৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গুর বিস্তার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা জেলার অন্যান্য হাসপাতালে রোগীর চাপ বাড়ছে।