যশোর ব্যুরোঃ যশোর সদর উপজেলার সাতমাইল-বারীনগর বাজারে ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কটূক্তির অভিযোগে দীন ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে কোতয়ালি থানা পুলিশ তাঁকে হেফাজতে নেয়।
রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। আটক দীন ইসলাম সদর উপজেলার বারীনগর এলাকার আলী আকবরের ছেলে। তাঁকে মারধর করে একটি ঘরে আটকে রাখার অভিযোগও উঠেছে।
হৈবতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমানের দাবি, দীন ইসলাম নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। একই সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি না হওয়ার বিষয়ে মন্তব্য করে একাধিক ভিডিও প্রকাশ করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তবে পরে ভিডিওগুলো মুছে ফেলা হয়েছে বলে জানান তিনি।
স্থানীয় ইউপি সদস্য বিল্লাল মেম্বরও দীন ইসলামের ফেসবুক অ্যাকাউন্টে একাধিক ভিডিও প্রকাশের কথা উল্লেখ করেন। তবে এসব ভিডিওর কোনো কপি তাঁর কাছে নেই বলে জানান তিনি।
অন্যদিকে ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার আমির হোসেনের দাবি, দীন ইসলাম জামায়াতের সমর্থক এবং বারীনগর বাজারে তাঁর একটি জুতার দোকান রয়েছে। দোকানটি দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাঁকে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সাজিয়ালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুর রউফ বলেন, স্থানীয়রা আওয়ামী লীগের এক নেতাকে আটক করে রেখেছেন, এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে জানা যায়, আটক ব্যক্তি জামায়াতের সমর্থক। তাঁকে উদ্ধার করে কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
কোতয়ালি থানার ওসি মাসুম খান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দীন ইসলামকে হেফাজতে নিয়েছে। ঘটনার সব দিক তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।