/ সুন্দরবন রেজিমেন্টে ব্যাটালিয়ন কালেক্টিভ ক্যাম্প অনুষ্ঠিত

সুন্দরবন রেজিমেন্টে ব্যাটালিয়ন কালেক্টিভ ক্যাম্প অনুষ্ঠিত

সুন্দরবন রেজিমেন্টের ব্যবস্থাপনায় ছয় দিনব্যাপী ব্যাটালিয়ন কালেক্টিভ ক্যাম্প-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত শুক্রবার শুরু হয়ে গত বুধবার শেষ হওয়া এ ক্যাম্পে সামরিক প্রশিক্ষণের পাশাপাশি শারীরিক, বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক বিভিন্ন কার্যক্রমে অংশ নেন ক্যাডেটরা।


রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল মাসুদ রায়হানের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এবং রেজিমেন্ট অ্যাডজুট্যান্ট ফ্লাইট লে. মো. আল নাফিউর রহমানের নিবিড় পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনায় ক্যাম্পের কার্যক্রম পরিচালিত হয়।
ক্যাম্পে ক্যাডেটদের সামরিক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বাড়াতে যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি মোকাবিলা ও পরিচালনা, বিভিন্ন যুদ্ধকৌশল, হানা, অ্যামবুশ ও রেইড পরিচালনা, পানি বাধা অতিক্রম এবং অস্ত্র পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়।


এ ছাড়া ক্যাডেটদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও মানসিক দৃঢ়তা বাড়াতে পিটি, প্যারেডসহ বিভিন্ন শারীরিক প্রশিক্ষণের আয়োজন করা হয়। সামরিক প্রশিক্ষকদের নিবিড় পর্যবেক্ষণ ও দিকনির্দেশনায় ক্যাডেটরা এসব প্রশিক্ষণে সক্রিয়ভাবে অংশ নেন।


সামরিক প্রশিক্ষণের পাশাপাশি ক্যাডেটদের মেধা, সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধ বিকাশে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক ও দাবা প্রতিযোগিতা এবং ধর্মীয় শিক্ষামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসব আয়োজনের মধ্য দিয়ে ক্যাডেটদের পারস্পরিক সৌহার্দ্য, আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও দলগত চেতনা আরও বিকশিত হয়।
ক্যাম্পজুড়ে ক্যাডেটদের অংশগ্রহণে ছিল উৎসবমুখর পরিবেশ। সংশ্লিষ্টরা জানান, এ ধরনের প্রশিক্ষণ ক্যাডেটদের শৃঙ্খলাবোধ, দেশপ্রেম, নেতৃত্বগুণ

ও আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রেজিমেন্ট কর্তৃপক্ষ, সামরিক প্রশিক্ষক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় ব্যাটালিয়ন কালেক্টিভ ক্যাম্প-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।