শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট)॥ সময় মতো চিকিৎসা করাতে না পারলে অকালে নিভে যাবে একটি নিষ্পাপ শিশুর জীবন প্রদীপ। শিশুটি জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনছে। সৌভিক নামের এই শিশুটিকে বাঁচাতে ২ লাখ টাকার প্রয়োজন। এ অবস্থাায় শিশুটির দরিদ্র পরিবার অর্থের অভাবে তাকে চিকিৎসা করাতে পারছে না। দ্রুত শিশুটিকে অপারেশন করাতে না পারলে বাঁচানো দায় হয়ে পড়বে। এ পরিস্থিতিতে সৌভিকের পরিবার সরকার এবং বিত্তবানদের সহায়তা কামনা করেছেন।
বাগেরহাটের চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের পিঁপড়াডাঙ্গা গ্রামের সৌমিত্র মণ্ডলের স্ত্রী চন্দনা মৃধা জানান, তাদের ২২ মাস বয়সী একমাত্র পুত্র সন্তান সৌভিক হাইড্রোসেফালাস ( মস্তিস্কে পানি জমা) রোগে আক্রন্ত হয়েছে। শিশুটিকে বাগেরহাট, খুলনাসহ বিভিন্ন স্থানে চিকিৎসা করানো হয়েছে। এ অবস্থায় খুলনার বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন দ্রুত তাকে ঢাকায় নিয়ে অপারেশন করাতে হবে। এ পরিস্থিতিতে দরিদ্র পরিবারের পক্ষে শিশুটিতে ঢাকায় নিয়ে চিকিৎসা করানোর মতো কোন সংগতি নেই। কিভাবে তাদের সন্তানকে বাঁচাবেন সে চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন। শিশুটির দাদা বৃদ্ধ খিরোদ চন্দ্র মণ্ডল জানান, তারা দিন আনে দিন খায় এমন একটি পরিবার। কিভাবে একমাত্র নাতির চিকিৎসার টাকা যোগাড় করবেন কিছুই ভেবে পাচ্ছেন না। চোখের সামনে শিশুটি রোগের যন্ত্রণায় প্রতিনিয়ত ছটপট করছে। দেখে খুবই কষ্ট হচ্ছে কিন্তু কিছু করতে পারছি না। ধার-দেনা করে এতোদিন চিকিৎসা করেছি এখন আর কোন উপায় নেই। সরকার এবং বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে ওর চিকিৎসা করা সম্ভব হবে।