/ কয়রায় আমন ধান রোপণ শেষ পর্যায়ে

কয়রায় আমন ধান রোপণ শেষ পর্যায়ে

নিজস্ব সংবাদদাতা, কয়রা (খুলনা) : সুন্দরবন উপকূলীয় জনপদ খুলনার কয়রায় আমন ধান রোপণের কাজ শেষ পর্যায়ে। উপজেলার সাতটি ইউনিয়নে ৯০ শতাংশ কৃষিজমিতে ধান রোপণ শেষ হয়েছে। অবশিষ্ট ১০ শতাংশ জমিতে রোপণের কাজ আগামী দুই-তিন দিনের মধ্যে শেষ হবে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস।


উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কয়রায় ১৬ হাজার ১১২ হেক্টর জমিতে আমন চাষ হচ্ছে। এ বছর আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮৫ হাজার মেট্রিক টন। উপজেলায় উচ্চ ফলনশীল বিআর-১০, বিআর-৪৯, বিআর-৮৭, বিআর-৬৭, বিআর-২৩ ও বিআর-১১ জাতের ধানের চাষ বেশি হয়েছে। এর পাশাপাশি অন্যান্য উচ্চ ফলনশীল জাতের ধানও চাষ করা হয়েছে।


কয়রা সদর ইউনিয়নের ৫ নম্বর কয়রা গ্রামের কৃষক মজিবার রহমান বলেন, ইঁদুরের উৎপাতের কারণে ভাদ্র মাসে ধান রোপণ করছি। দেরিতে ধান রোপণ করলে ইঁদুরের উপদ্রব অনেকটা কম হয়।
উত্তর বেদকাশির বড়বাড়ি গ্রামের কৃষক মোকলেছ শেখ বলেন, মধ্য শ্রাবণে পাঁচ বিঘা জমিতে বিআর-৪৯ ও বিআর-১০ জাতের ধান রোপণ করেছি। নিয়মিত বৃষ্টি হওয়ায় ফসলের চেহারা বেশ ভালো।


মহারাজপুর গ্রামের কৃষক হেলাল উদ্দিন জানান, বিলের জমিতে কৃষকদের ধান রোপণের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে আরও জানা গেছে, বর্তমানে উপজেলায় সারের কোনো সংকট নেই। আগস্ট মাসে ইউরিয়া সারের বরাদ্দ দেওয়া হয়েছে ২৩৮ মেট্রিক টন, এমওপি ৭০ মেট্রিক টন, ডিএপি ১১৬ মেট্রিক টন এবং টিএসপি ২১৯ মেট্রিক টন।


উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তিলক ঘোষ কুমার বলেন, সরকার নির্ধারিত দামে কৃষকরা চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন। সুষম সার প্রয়োগ এবং সারের সঠিক মাত্রা নির্ধারণে খামারি অ্যাপ ব্যবহারে কৃষকদের উৎসাহিত করতে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।