স্টাফ রিপোর্টার ঃ জলবায়ু পরিবর্তনের দায় যাদের সবচেয়ে কম, তারাই ভুগছেন সবচেয়ে বেশি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা ও প্রাকৃতিক দুর্যোগের অভিঘাতে প্রতিনিয়ত ক্ষতির মুখে পড়ছেন বাংলাদেশের উপকূলের মানুষ। অথচ সেই ক্ষতি সামাল দিতে তাঁদেরই যদি ঋণের বোঝা বইতে হয়, তা কী করে ন্যায়বিচার হতে পারে? জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ-৩১) সামনে রেখে খুলনায় আয়োজিত এক আলোচনা সভায় এমন প্রশ্ন তুলে ঋণের পরিবর্তে ক্ষতিপূরণ ও অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের দাবি জানালেন বক্তারা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে খুলনায় সিভিক ভয়েজের কার্যালয়ে সিভিক ভয়েজ ইয়ুথ ইনিশিয়েটিভের উদ্যোগে এই আলোচনা সভা হয়। সংগঠনের সভাপতি সাবিয়া নূসরাত অন্যার সভাপতিত্বে সভায় মূল আলোচক ছিলেন সিভিক ভয়েজ বাংলাদেশের নির্বাহী সমন্বয়কারী এস কে এম ডি বাহলুল আলম।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে দায়ী দেশগুলোকে ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। বাংলাদেশের উপকূলীয় জনগোষ্ঠী প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তনের ক্ষতির শিকার হচ্ছে। এই পরিস্থিতিতে তাদের ওপর নতুন করে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া কোনোভাবেই ন্যায়সংগত নয়।
বাহলুল আলমের কথায়, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার সুরক্ষায় পর্যাপ্ত ও সহজলভ্য অর্থায়ন জরুরি। তবে সেই অর্থায়ন হতে হবে অনুদানভিত্তিক। ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য পাওনা নিশ্চিত করতে ‘ঋণ নয়, ক্ষতিপূরণ চাই’ দাবিকে গুরুত্ব দিতে হবে।
আলোচনা সভায় বক্তব্য দেন মুসলিমা খাতুন, হুমায়রা তাবাচ্ছুম, শিল্পা দাস ও ইখতিয়ার মুধা। তাঁদের বক্তব্যে উঠে আসে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং উপকূলীয় জনগোষ্ঠীর অধিকার সুরক্ষার প্রসঙ্গ। জলবায়ুবিষয়ক নীতিনির্ধারণী প্রক্রিয়ায় তরুণদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও বলেন বক্তারা।
সভায় সংগঠনের সাংগঠনিক অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়।