/ খুলনার মাটিতে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের স্থান হবে না

খুলনার মাটিতে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের স্থান হবে না

প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণকালে মাহফুজ

খুলনার মাটিতে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের স্থান হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, যারা খুলনার ব্যবসায়ীদের জিম্মি করে চাঁদাবাজি করছে এবং যারা এই সমস্ত সন্ত্রাসীদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শেল্টার দিচ্ছে, তাদের অবিলম্বে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে হবে। কোনো রাজনৈতিক বা প্রশাসনিক প্রশ্রয় যেন এই অপরাধীরা না পায়, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে। তিনি দলমত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়াতে এবং যেকোনো ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান। একটি বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও নিরাপদ খুলনা গড়ে তুলতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।


গতকাল সোমবার সকালে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর সোনাডাঙ্গাস্থ আল ফারুক সোসাইটি চত্বরে নগরীর অসহায় ও অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ কালে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, মহানগরী কর্মপরিষদের সদস্য ড. আবু রুবাবা, মাওলানা আবু বকর সিদ্দিক, আ ন ম আব্দুল কুদ্দুস, মীম মিরাজ হোসাইন, মুকাররম বিল্লাহ আনসারী, অধ্যাপক জুলফিকার আলী, মাওলানা শাহারুল ইসলাম, মাওলানা শেখ মো. অলিউল্লাহ, অধ্যাপক মো. ইকবাল হোসাইন, এডভোকেট শফিকুল ইসলাম লিটন, মুহাম্মাদ আব্দুল গফুর, মো. আনিসুর রহমান, মুশাররফ আনসারী প্রমুখ।


মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, প্রতিষ্ঠাকাল থেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামী আর্তমানবতার সেবা এবং সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোকে নিজেদের অন্যতম প্রধান ইবাদত ও নৈতিক দায়িত্ব বলে মনে করে আসছে। রাজনীতি কেবল ক্ষমতার পালাবদল নয়, বরং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং তাদের সুখে-দুঃখে পাশে থাকার মাধ্যম। খুলনা মহানগরী জামায়াতের উদ্যোগে অসচ্ছল প্রতিবন্ধী ভাইবোনদের মাঝে হুইলচেয়ার বিতরণের এই মহৎ উদ্যোগ প্রমাণ করে যে, জামায়াত কেবল রাজনৈতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়, বরং সমাজের একেবারে তৃণমূলের বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতেও বদ্ধপরিকর।


তিনি বলেন, প্রতিষ্ঠাকাল থেকে জামায়াত অসহায় মানুষের পাশে আছে, ছিল এবং ভবিষ্যতেও থাকবে। প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজের কোনো বোঝা নন, বরং তারা আমাদেরই পরিবারের অবিচ্ছেদ্য অংশ। তাদের চলাচলের স্বাধীনতা ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করা সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব। জামায়াতে ইসলামী সাধ্যমতো এই দায়িত্ব পালনের চেষ্টা করে যাচ্ছে এবং আগামী দিনেও এই ধরনের কল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
মানবসেবামূলক কার্যক্রমের অনুষ্ঠানে বর্তমান খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মহানগরী আমীর মাহফুজুর রহমান বলেন, একটি গণতান্ত্রিক ও স্বাধীন দেশে সাধারণ মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রথম ও প্রধান কাজ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, খুলনার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সাধারণ মানুষ আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির এই চরম অবনতির কারণে খুলনার ব্যবসায়ীরা আজ অসহায় হয়ে পড়েছেন। ব্যবসা-বাণিজ্য টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ায় অনেকেই বাধ্য হয়ে তাদের ব্যবসা গুটিয়ে নিতে শুরু করছেন। এটি শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, বরং পুরো অঞ্চলের অর্থনীতি ও কর্মসংস্থানের জন্য এক বড় ধরনের বিপর্যয়। এই পরিস্থিতি কোনোভাবেই চলতে দেওয়া যায় না। তিনি বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসনকে নিজ দায়িত্বে যেমন তৎপর হতে হবে, ঠিক তেমনি সাধারণ জনসাধারণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণের প্রতিরোধই পারে সন্ত্রাসীদের কোণঠাসা করে রাখতে। খুলনার শান্তিপ্রিয় মানুষ আর কোনো বৈষম্য, সন্ত্রাস বা চাঁদাবাজি সহ্য করবে না।


চব্বিশের গণঅভ্যুত্থান এবং ফ্যাসিবাদ ও নাশকতাকারীদের প্রতিহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থান আমাদের শিখিয়েছে কীভাবে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করতে হয়। শত শত তাজা প্রাণের রক্ত এবং হাজারো ভাই-বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতাকে রক্ষা করা আমাদের সকলের পবিত্র আমানত।


সাম্প্রতিক সময়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে নানা ধরনের ষড়যন্ত্র করছে উল্লেখ করে মহানগরী আমীর বলেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নানা ধরনের গোপন ও প্রকাশ্য নাশকতার ষড়যন্ত্র করছে। কিন্তু বাংলার মুক্তিকামী জনগণ এই চক্রান্ত কখনোই সফল হতে দেবে না। খুলনাসহ দেশের শান্তিপ্রিয় জনগণ ফ্যাসিস্টদের যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে সর্বদা প্রস্তুত রয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে পাহারা দেবো ইনশাআল্লাহ।-খবর ঃ বিজ্ঞপ্তির ॥