/ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হত্যা গ্রেপ্তার ৫, এখনও অধরা এজাহারভুক্ত চার আসামি

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হত্যা গ্রেপ্তার ৫, এখনও অধরা এজাহারভুক্ত চার আসামি

স্টাফ রিপোর্টার ঃ খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আজমুল হোসেন হত্যার ঘটনায় পাঁচজন গ্রেপ্তার হলেও এজাহারভুক্ত চার আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে। গত ৩০ সেপ্টেম্বরের পর নতুন করে আর কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে গ্রেপ্তার হওয়া একজন আসামি অন্তর্বর্তীকালীন জামিনে রয়েছেন। এ নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে নিহতের পরিবার। তাদের দাবি, জামিনে থাকা আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানোর পাশাপাশি পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।


গতকাল সোমবার দুপুর ২টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী নাজমুল হাসান। লিখিত বক্তব্যে তিনি জানান, গ্রেপ্তার হওয়া পাঁচ আসামিই আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।


আইনজীবী বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে আজমুলের ওপর নির্যাতন চালানো হয়। তাঁর মাথার সামনের চুল কেটে চেহারা বিকৃত করার পর মারধর করে ভবনের ছাদ থেকে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় তাঁর বাবা কুতুব উদ্দিন হরিণটানা থানায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
তিনি বলেন, গত ১৫ নভেম্বর মো. সুমন ইসলাম ও শেখ আসিফ হাসানের জামিনের আবেদন করা হলে বাদীপক্ষের বিরোধিতার মুখে আদালত তা নামঞ্জুর করেন। সোমবার হাজতি আসামি তারেক হাসান রুবেলের জামিন শুনানির দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের সময়ের আবেদনে শুনানি মুলতবি করা হয়। জামিনে থাকা আসামির মুক্ত অবস্থান তদন্ত ও সাক্ষীদের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।


নিহতের বাবা কুতুব উদ্দিন মোবাইল ফোনে বলেন, ছেলে হত্যার বিচার পাওয়া নিয়ে তিনি হতাশ। এজাহারভুক্ত আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবার শঙ্কার মধ্যে রয়েছে। তাঁর অভিযোগ, ছেলেকে দাফনের পরদিন মেহেদি নামের এক ব্যক্তি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাঁর ছেলের কাছ থেকে ২৩ হাজার টাকা নিয়েছিলেন বলে জানতে পারেন। বিষয়টি পুলিশকে জানালেও প্রথমে ওই ব্যক্তির নাম এজাহারে ছিল না। পরে পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর আসামিদের নাম অন্তর্ভুক্ত করা হয়।
তিনি প্রশ্ন তুলে বলেন, একজন আসামি হত্যায় সম্পৃক্ততার কথা স্বীকার করার পরও অন্যরা কেন গ্রেপ্তার হচ্ছেন না? কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘ছেলেকে তো আর ফিরে পাব না। কিন্তু যারা আমার ছেলেকে এভাবে হত্যা করেছে, তাদের বিচার চাই। এ ঘটনায় বিচার নিশ্চিত করতে সাংবাদিকদেরও ভূমিকা রাখার অনুরোধ জানান তিনি।


মামলার তদন্ত কর্মকর্তা মো. নাজমুল হক বলেন, এনআরবি, ডিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট আসামিদের গ্রেপ্তারে কাজ করছে। আসামিদের গ্রেপ্তার করা চ্যালেঞ্জিং হলেও সর্বোচ্চ চেষ্টা চলছে। অতি শিগগিরই সবাইকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


সংবাদ সম্মেলনে আইনজীবী আরও বলেন, তাঁরা প্রতিশোধ নয়, ন্যায়বিচার চান। কোনো প্রভাবের কাছে নতি স্বীকার না করে নিরপেক্ষ তদন্ত, সাক্ষ্য-প্রমাণ ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে হবে। পাশাপাশি নির্ভুল অভিযোগপত্র দাখিল এবং হত্যায় জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
উল্লেখ্য, আজমুল হোসেন নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি চুয়াডাঙ্গার দর্শনা থানায়। গত ১৮ সেপ্টেম্বর রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের বিপরীতে ইসলামনগর সড়কের একটি চারতলা মেস ভবনে তাঁকে চুরির অপবাদ দিয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে। পরিবারের দাবি, মেসের কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তি তাঁকে ছাদে নিয়ে মারধর করেন এবং মাথার চুল কেটে দেন। একপর্যায়ে চারতলা ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারের আরও অভিযোগ, নির্যাতনের সময় ফোনে তাঁর বাবার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। ঘটনার পরদিন ১৯ সেপ্টেম্বর রাতে তাঁর বাবা মো. কুতুব উদ্দিন বাদী হয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করে হরিণটানা থানায় হত্যা মামলা করেন।