স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে ডেঙ্গু ও হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২০১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন আরও ১৩৮ জন। এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হলেও হামে নতুন কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালকের দপ্তরের পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩৬১ জন। মারা গেছেন ৮৭ জন। অন্যদিকে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ২৬৯ জন। এ রোগে সন্দেহজনক মৃত্যুর সংখ্যা ৬০। নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৪৯৬ জন। তবে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য নেই।
ডেঙ্গু পরিস্থিতির তথ্যে, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ২০১ জনের মধ্যে ১৮৯ জন সরকারি এবং ১২ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে বিভাগে হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৫৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ হাজার ৯৫৮ জন। মোট ৪৬১ জনকে অন্যত্র রেফার্ড করা হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় খুলনায় সর্বোচ্চ ৪৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বাগেরহাটে ৩৩, যশোরে ২৪, কুষ্টিয়ায় ২১, নড়াইলে ১৫, মেহেরপুরে ১০, সাতক্ষীরায় আট, ঝিনাইদহে ছয়, মাগুরায় পাঁচ এবং চুয়াডাঙ্গায় পাঁচজন ভর্তি হয়েছেন।
চলতি বছরে খুলনা জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৮৮ জন। বাগেরহাটে ৩ হাজার ১৩, যশোরে ২ হাজার ৪৯৩, কুষ্টিয়ায় ৯৬৫, সাতক্ষীরায় ৮৭১, ঝিনাইদহে ৮৬৪, নড়াইলে ৮৫৮, মেহেরপুরে ৬৮৭, মাগুরায় ৫৯১ এবং চুয়াডাঙ্গায় ৩০৫ জন আক্রান্ত হয়েছেন।
হামের ক্ষেত্রে গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় সর্বোচ্চ ২৬ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। খুলনায় ২৪, মাগুরা ও সাতক্ষীরায় ১৭ জন করে, বাগেরহাটে ১৫, ঝিনাইদহে ১৪, চুয়াডাঙ্গা ও নড়াইলে আটজন করে, যশোরে পাঁচ এবং মেহেরপুরে চারজন ভর্তি হয়েছেন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৭৬ জন।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত জেলাভিত্তিক সন্দেহজনক হামের রোগীর সংখ্যা কুষ্টিয়ায় ৩ হাজার ৮৬১, খুলনায় ৩ হাজার ২৯৬, মাগুরায় ২ হাজার ৬৬৭, ঝিনাইদহে ১ হাজার ৩৫৯, নড়াইলে ১ হাজার ২৬৫, যশোরে ১ হাজার ২৩, মেহেরপুরে ৯৩৫, চুয়াডাঙ্গায় ৮৭১ এবং সাতক্ষীরায় ৬৪৭ জন। বাগেরহাটের এ সংখ্যা ১ হাজার ৩৪৫। বিভাগীয় হিসাবে এ পর্যন্ত সন্দেহজনক হামে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ হাজার ৮৩২ জন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৬ হাজার ২৮০ জন। সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ৬০। এর মধ্যে খুলনায় সর্বোচ্চ ৩২, কুষ্টিয়ায় ২১, ঝিনাইদহে পাঁচ, চুয়াডাঙ্গায় এক ও মেহেরপুরে একজনের মৃত্যুর তথ্য রয়েছে। তবে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
ডেঙ্গুতে বিভাগে মোট মৃত্যুর ৩৬টিই খুলনা মহানগর এলাকায় এবং খুলনা জেলায় ৩৩টি। এ ছাড়া বাগেরহাটে আট, যশোরে তিন, সাতক্ষীরা ও ঝিনাইদহে দুটি করে এবং কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।