/ চরিত্রের মাধুর্যে কওমের হৃদয় জয়—সফলতার সোপানে কওমি মাদ্রাসা

চরিত্রের মাধুর্যে কওমের হৃদয় জয়—সফলতার সোপানে কওমি মাদ্রাসা

খুলনার খালিশপুরস্থ জামিয়া আরাবিয়া শামসুল উলুম দারুল মুকাররম মাদ্রাসায় সোমবার (০৪ মে) সকাল ১১টা ৩০ মিনিটে এক জরুরি শিক্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। সৌহার্দ্যপূর্ণ ও তাৎপর্যময় পরিবেশে অনুষ্ঠিত এ সভায় নবাগত মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি জিহাদুল ইসলাম প্রজ্ঞাময় বক্তব্য প্রদান করেন।

সভায় তিনি বলেন, “চরিত্রের মাধুর্য দিয়ে যদি আমরা কওমের মন জয় করতে পারি, তবেই কওমি মাদ্রাসা প্রকৃত সফলতার মুখ দেখবে।” তার এই বক্তব্য উপস্থিত শিক্ষকদের মাঝে ব্যাপক অনুপ্রেরণা সৃষ্টি করে।

তিনি আরও জানান, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে শিগগিরই একটি সদস্য সম্মেলনের আয়োজন করা হবে। এতে বর্তমান সদস্যদের পাশাপাশি নতুন আগ্রহীদের আমন্ত্রণ জানানো হবে। সম্মেলনে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মাদ্রাসার শুভানুধ্যায়ীরা অংশ নেবেন।

মাদ্রাসার উন্নয়ন ত্বরান্বিত করতে মাসিক ন্যূনতম ৫০ টাকা অনুদানের ভিত্তিতে সদস্য সংগ্রহ কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এতে কোনো দল, মত বা শ্রেণিভেদ থাকবে না; দ্বীনি প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসাই হবে একমাত্র পরিচয়।

সভায় মুহতামিম শিক্ষকদের সদস্য সংগ্রহে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি পারস্পরিক দ্বন্দ্ব ভুলে ঐক্যের ভিত্তিতে মাদ্রাসাকে এগিয়ে নেওয়ার তাগিদ দেন।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২১ মে ২০২৬ বৃহস্পতিবার বাদ মাগরিব কুরবানির মাসআলা-মাসায়েল বিষয়ক একটি আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় মাওলানা ইলিয়াস, মুফতি আবু সালেহ, মুফতি রুহুল আমিন, মুফতি রবিউল ইসলাম, মুফতি মুজাহিদুল ইসলাম, মুফতি আলমগীর, মুফতি আকরাম, মুফতি আশিকুর রহমান ও মুফতি হেমায়েত উদ্দিনসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

পরিশেষে দেশ, জাতি ও মাদ্রাসার কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

খবর বিজ্ঞপ্তি