/ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেলেন মাদ্রসা ছাত্র ইবরাহীম খলিল

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেলেন মাদ্রসা ছাত্র ইবরাহীম খলিল

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালী উপজেলার কৃতি সন্তান মুহাম্মাদ ইবরাহীম খলিল জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড অর্জন করেছেন| ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত শ্রেষ্ঠ মাদরাসা ও শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়|
গত ৩০ জুন ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এমপি| তিনি নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থী ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন| জানা গেছে, ২০২৪ সালের কামিল (মাস্টার্স) ফিকহ বিভাগের পরীক্ষায় সব বিষয়ে এ প্লাস অর্জন করে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীর স্বীকৃতি পান ইবরাহীম খলিল|


১৯৯৩ সালের ১০ জুন পিরোজপুর জেলার কাউখালী উপজেলার বদরপুর গ্রামে জন্মগ্রহণ করেন মুহাম্মাদ ইবরাহীম খলিল| তিনি মো. আবুল কালাম ও ফাতিমা বেগমের জ্যেষ্ঠ সন্তান| শিক্ষাজীবনের শুরু থেকেই অসাধারণ মেধার পরিচয় দেন তিনি| কাউখালীর নাঙ্গুলী নেছারিয়া কামিল মাদরাসা থেকে ২০০২ সালে ট্যালেন্টপুলে ইবতেদায়ী বৃত্তি লাভ করেন| পরে ২০০৮ সালে দাখিল এবং ২০১০ সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জনের পাশাপাশি ট্যালেন্টপুলে বৃত্তি পান|


পরবর্তীতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে অনার্সে রেকর্ড পরিমাণ সিজিপিএ অর্জন করে সারাদেশে প্রথম স্থান লাভ করেন| ২০১৫ সালে একই বিভাগে মাস্টার্সেও কৃতিত্বের ধারাবাহিকতা বজায় রাখেন| এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে প্রথম শ্রেণিতে মাস্টার্স সম্পন্ন করেন| সম্প্রতি এমফিল ডিগ্রিও অর্জন করেছেন তিনি|


২০১৬ সালে দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসায় প্রভাষক হিসেবে যোগ দেন ইবরাহীম খলিল| শিক্ষকতার পাশাপাশি গবেষণা, প্রবন্ধ রচনা ও গ্রন্থ প্রণয়নে সক্রিয় রয়েছেন| ইতোমধ্যে তার দুটি বই প্রকাশিত হয়েছে|
এ অর্জনে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন|