/ বাগেরহাটে ঘেরকেন্দ্রিক সংঘর্ষের জেরে বিএনপির দুই পক্ষের উত্তেজনা, বিক্ষোভ

বাগেরহাটে ঘেরকেন্দ্রিক সংঘর্ষের জেরে বিএনপির দুই পক্ষের উত্তেজনা, বিক্ষোভ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপালে মৎস্য ঘের থেকে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাকে ঘিরে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পাল্টাপাল্টি অভিযোগের পাশাপাশি শনিবার সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিনের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ তুলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

যুবদল নেতা শেখ তারেক এনাম বলেন, কয়েকদিন আগে তাদের দুই কর্মী নিজ এলাকায় অবস্থানকালে একটি ঘের থেকে তুলে নিয়ে মারধর ও নির্যাতন করা হয়। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

রামপাল উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল কবির বাদশা অভিযোগ করেন, আকবর হোসেন আকো ও জাহিদের নেতৃত্বে একটি চক্র এলাকায় দখল, হয়রানি ও বিভিন্ন অপকর্মে জড়িত। তিনি বলেন, এসব ঘটনায় জড়িতদের দল থেকে বহিষ্কার এবং আইনের আওতায় আনা প্রয়োজন।

উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন বলেন, এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। তিনি দাবি করেন, সংঘর্ষে তাদের পক্ষের ছয়জন নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রকৃত দোষীদের দ্রুত বিচারের আওতায় আনারও দাবি জানান তিনি।

রামপাল উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. ইব্রাহিম শেখ বলেন, তুহিন দীর্ঘদিনের পরীক্ষিত রাজনৈতিক নেতা। তাকে ঘিরে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আসন্ন উপজেলা নির্বাচন ও জনপ্রিয়তাকে কেন্দ্র করেই তাকে হেয় করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, ঘটনায় জড়িতরা দুষ্কৃতকারী ও সুবিধাবাদী। তাদের দায় কোনো রাজনৈতিক দল নেবে না। তিনি প্রশাসনকে নির্দেশ দিয়ে বলেন, ঘটনার সঙ্গে জড়িত যে-ই হোক, দ্রুত আইনের আওতায় আনতে হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাগা এলাকায় রাজু শেখসহ দুই ব্যক্তিকে ধরে এনে মারধরের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আহতদের উদ্ধারে গেলে গত ২ মে রাতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে অন্তত ১৫ জন আহত হন। এরপর থেকেই এলাকায় বিএনপির দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে।