ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধিঃ বিক্রির উদ্দেশ্যে মৃত ও অসুস্থ ছাগল জবাই করার সময় জনতার হাতে ধরা পড়েছেন এক ছাগল ব্যবসায়ী। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ মেইন বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী আলমগীর হোসেন কোটচাঁদপুর উপজেলার গুড়পাড়া গ্রামের মফিজউদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও বাস টার্মিনালের শ্রমিক আলতুজা জানান, বিকেলে ১০টি ছোট-বড় ছাগল নিয়ে একটি ইজিবাইক টার্মিনালে আসে। এ সময় আলমগীর ইজিবাইক থেকে একটি ছোট মৃত ছাগল ও একটি আধমরা ছাগল নামান। পরে তিনি একাই পা দিয়ে চেপে ধরে মৃত ও অসুস্থ ছাগল দুটি জবাই করার চেষ্টা করেন।
ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন মৃত ছাগলসহ আলমগীরকে আটক করেন। পরে উপজেলা প্রশাসনকে খবর দেওয়া হয়।
কালীগঞ্জ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আলমগীর হোসেন জানান, খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জিল্লুর রহমান ঘটনাস্থলে যান। তাঁরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে মৃত ও অসুস্থ ছাগল জবাইয়ের ঘটনা সম্পর্কে বিস্তারিত শোনেন।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৃত ও অসুস্থ ছাগল জবাই করে বিক্রির চেষ্টার অপরাধে আলমগীর হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জবাই করা ছাগল জব্দ করে মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেওয়া হয়।